হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসীমসহ ১৩ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এখানে চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক পুলিশ কমিশনারও রয়েছেন। ১২ এপ্রিল ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।

এ দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে করা জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top