হাইড্রোলিক হর্ন বাজিয়ে জরিমানা গুনল চার বাস, জব্দ ৭টি হর্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: শব্দদূষণ নিয়ন্ত্রণে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাসগুলো থেকে সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। তিনি জানান, শব্দদূষণের মাত্রা নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে মহাসড়কে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহন তল্লাশি করে চারটি বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসগুলোর মালিক বা সংশ্লিষ্টদের মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যানবাহনগুলো থেকে সাতটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলাম এবং লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে মহাসড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top