আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষা বাহিনীর চলমান লাইভ সামরিক মহড়ার কারণে নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সাময়িকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হলে প্রণালীটি পুনরায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানানো হয়।
তবে মহড়া কবে শেষ হবে কিংবা ঠিক কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে— সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি বা ইঙ্গিত দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি রফতানির অন্যতম প্রধান রুট। ফলে সাময়িক বন্ধও আন্তর্জাতিক তেলবাজার ও সমুদ্রবাণিজ্যে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নজরদারি বাড়ানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





