হত্যা মামলায় অব্যাহতি পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জন

চাটগাঁ নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মামলাটিতে দেওয়া কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বদিয়ার রহমানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট আদালতের বিচারক তামান্না এই রায় দেন।

জানা গেছে, পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছিল। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ মামলায় গত বছরের ১১ আগস্ট তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত পর্যালোচনা শেষে ওই বছরের ৩০ নভেম্বর মামলাটি থেকে সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর।

তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে (হাজারীবাগ) জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ সাজিয়ে করা এই মামলায় ‘তথ্যগত ভুল’ প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে, এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। সে শুধু জখমপ্রাপ্ত হয়েছে; যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে।

এর আগে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তারা দুজনেই ভারতে অবস্থান করছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top