স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে।

বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকেট অবমুক্ত করেন।

একই অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরেরও উদ্বোধন করেন। পরে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে বিশেষ সিল ব্যবহার করে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানান। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অবমুক্ত হওয়া এসব স্মারক সামগ্রী বুধবার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে পাওয়া যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরগুলো থেকেও আগ্রহীরা এগুলো সংগ্রহ করতে পারবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top