স্পিডবোট বন্ধ, চিকিৎসার জন্য পার হতে না পেরে ঘাটেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া-কুমিরা নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারেননি এক বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষার পর বুধবার সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে গুপ্তছড়া ঘাটে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো স্পিডবোট পাওয়া যায়নি। রোগী একজন বীর মুক্তিযোদ্ধা এবং জরুরি ভিত্তিতে তাকে পারাপারের প্রয়োজন—এ কথা জানিয়ে অনুরোধ করা হলেও স্পিডবোটের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ স্বজনদের। একপর্যায়ে ঘাটেই চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, স্পিডবোট ব্যবসার নিয়ন্ত্রণ, ঘাটের আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের কারণে নৌরুটে অচলাবস্থা তৈরি হয়েছে। এর জেরে স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আরকে এন্টারপ্রাইজ’ ও ‘আদিল এন্টারপ্রাইজ’ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেবা বন্ধ করে দেয় বলে দাবি তাদের।

স্পিডবোট চলাচল বন্ধ থাকায় শুধু রোগী নয়, সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাতায়াতকারী শত শত সাধারণ যাত্রীও দুর্ভোগে পড়েছেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তি এবং চাঁদাবাজির অভিযোগ ওঠা স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর স্পিডবোট সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top