সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং শহীদ সওদাগরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে অবস্থিত আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে একটি মিসাইল আঘাত হানে। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত আল খারিজের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল, যা তার অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

মামুনের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top