চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে এখন শুধু দেশ নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে। তাই সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকলেও নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটের দিন কোনো অভিযোগ শোনার সুযোগ থাকবে না। প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের কথা মনে রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্রে কোনো সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে। এখন ভয় পাওয়ার সময় নয়, ত্যাগ ও দায়িত্ব পালনের সময়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণ করে ঘরে ফিরতে হবে। অপরাধীদের আর সতর্ক করা হবে না, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
চাটগাঁ নিউজ/এমকেএন





