সীতাকুণ্ড থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত অর্ধগলিত মরদেহটির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম শহিদুল আলম (৩৬)। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের পশ্চিমে সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ জুন চট্টগ্রাম নগরের হালিশহরের বাসা থেকে নিখোঁজ হন শহিদুল আলম।

জানা গেছে, জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত মরদেহ উপকূলে দেখতে পেয়ে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দেন। পরে গাউছিয়া কমিটির দায়িত্বশীল মো. নাছির উদ্দীনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও একদিন পর তার পরিচয় শনাক্ত করা হয়।

কুমিরা নৌ পুলিশের এসআই আবদুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়আমতলের দক্ষিণ-পশ্চিমে সাগর উপকূলে একটি অজ্ঞাত মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাউছিয়া কমিটির সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top