সীতাকুণ্ডে সুপার শপে চুরি: গ্রীল কেটে তিন লাখ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সুপার শপে গ্রীল কেটে ক্যাশ ভেঙে প্রায় তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাস কাউন্টারের পাশে অবস্থিত ‘সুইট বাস্কেট’ নামের সুপার শপে এ ঘটনা ঘটে। চোরের দল এ সময় নগদ অর্থ ছাড়াও একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে ক্যাশ বক্স ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় রোববার দুপুরে দোকানের ম্যানেজার মো. নুর নবী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে দেখেন মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে দেখা যায়, দোকানের পেছনের জানালার গ্রীল কেটে চোর ভেতরে প্রবেশ করেছে এবং ক্যাশ বক্সে থাকা নগদ তিন লাখ টাকা ও একটি রেডমি A5 মডেলের মোবাইল ফোন নিয়ে গেছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top