চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা এবং আবুল মনসুরের ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে শামীম কিছুদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন এবং রাজনৈতিক কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে বাবার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে শামীমও সেখানে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, রাত প্রায় আটটার দিকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল তাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে তার মরদেহ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়।
পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, রাত একটার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





