সীতাকুণ্ডে লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় আনিসুল রহমান চৌধুরী জাবিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবিন সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকার ফকিরহাটস্থ মধ্যম ঘোড়ামরা চৌধুরী বাড়ির মরহুম জসিম চৌধুরীর দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, জাবিন সবুজ রঙের একটি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভাটিয়ারী এলাকায় পৌঁছালে একটি মিনিবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, লরির চাপায় আনিসুল রহমান চৌধুরী জাবিনের মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, লরিটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top