সীতাকুণ্ডে রক্তাক্ত অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোহাম্মদ জোবায়ের হোসেন (৪৫) প্রকাশ বাচা মিয়া  নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা এবং নেছার আহমদের ছেলে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সীতাকুণ্ড মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল এলাকার বিপরীতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত বাচা মিয়া তিন সন্তানের জনক ছিলেন। তিনি কয়েক মাস ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top