সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
অভিযান চলাকালে তিনটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ড-মার্কেট রোডে চলাচলকারী ৭ নম্বর বাস এবং সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ৮ ও ১৭ নম্বর বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং রাত ৭টার পর অলংকার থেকে ছেড়ে যাওয়া বাসে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। এছাড়া ১৭ নম্বর বাসটি ডিজেলচালিত হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বাসে তল্লাশি চালায় এবং যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বাসগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি বাসকে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





