সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবারও পানিতে ডুবে হুমায়রা (৬) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বরৈয়াঢালা ইউনিয়নের পূর্ব বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়রা প্রবাসী মোহাম্মদ আলমগীরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। অনেক খোঁজাখুঁজির পর প্রায় দুই ঘণ্টা পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, রোববার সকাল ১১টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় পুকুরে ডুবে তিন বছর ৮ মাস বয়সী তাইফুল ইসলাম ইসবাতের মৃত্যু হয়। শনিবার দুপুরে একই উপজেলার বরৈয়াঢালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আরিজা বিনতে সোহেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া শুক্রবার বিকেলে কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় রেললাইন সংলগ্ন কলোনিতে পুকুরে ডুবে মারা যায় আবদুল্লাহ (৪) ও সীমা আক্তার (৯) নামে দুই শিশু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, গত চার দিনে বরৈয়াঢালা, কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ধরনের অপমৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের যেন একা জলাশয়ের পাশে খেলতে না দেওয়া হয়। বাড়ির আশপাশের পুকুর বা জলাশয় ঘিরে রাখা এবং শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






