চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত নিরাপত্তাকর্মী ছালা উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত মো. হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার মো. হারুনের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, নিহত ছালা উদ্দিন বঙ্গোপসাগরে নোঙর করা ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের একটি ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহম্মদাবাদ এলাকায়।
গত ৩১ জানুয়ারি ছালার স্ত্রী জানতে পারেন, ড্রেজারে তেল চুরি নিয়ে মো. রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে তার স্বামীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে অবস্থানরত তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজলসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ছালা উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
অভিযোগ রয়েছে, পরে তাকে একটি নৌকায় তুলে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
৩ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, কোয়ানিয়া খালে কাদার মধ্যে অর্ধদাফন অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় সাতজনকে এজাহারভুক্ত এবং আরও ৮ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের পাহাড়তলী থানার বিট্যাক বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





