সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দাফনের ৫ মাস ১৮ দিন পর মো. জসিম উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের নির্দেশে উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজারস্থ মোহছেন আলী জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল লাশ উত্তোলন করে। এ সময় মরহুম জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জসিম উদ্দিন সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকার শফি কন্ট্রাক্টরের বাড়ির মৃত মো. শফির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে শীতলপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিনকে তার ছোট ভাই তাজ উদ্দিন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পুকুরে ফেলে দেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে ধারণা করা হয়েছিল, পুকুরের ঘাটে আঘাত লেগে তিনি পানিতে পড়ে আহত হয়েছেন। তবে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরবর্তীতে অভিযুক্ত তাজ উদ্দিনের স্ত্রীর স্বীকারোক্তিতে ঘটনাটির ভিন্ন তথ্য সামনে আসে। স্বীকারোক্তিতে জানা যায়, পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে আঘাত করার পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করতে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়। এ তথ্য প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃত্যুর পর জসিম উদ্দিনের স্ত্রী শিমু আক্তার (৪৮) বাদী হয়ে ভাসুর তাজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে শুরুতে ময়নাতদন্তের গুরুত্ব উপলব্ধি না করায় দাফনের আগে কোনো আদালতের আদেশ নেওয়া হয়নি।
নিহতের ছেলে জাহেদ জানান, ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সকালে পুকুর ঘাটে দাঁত ব্রাশ করার সময় পারিবারিক বিরোধের জেরে তার চাচা তাজউদ্দিন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তার বাবা গুরুতর আহত হন এবং পরে মারা যান। পারিবারিক চাপে তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। পরে তার মা আদালতে মামলা দায়ের করে লাশের ময়নাতদন্তের দাবি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, আদালতের নির্দেশে কবর থেকে জসিম উদ্দিনের লাশ উত্তোলন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





