সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গামারীতলা এলাকার পরিত্যক্ত নাজিয়া রোলিং মিলের পাশে অবস্থিত ‘সোহেল ট্রান্সপোর্ট’ নামে একটি ট্রাক ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় এনএসআই, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়ার আসরে প্রায় ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অধিকাংশই দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নাজিম উদ্দিন (৪৮), পিতা মৃত আবদুল হাই সওদাগর, বাড়ি কদমরসুল; মো. আজম (২৬), পিতা মৃত আবু তাহের, বাড়ি শীতলপুর, সোনাইছড়ি এবং মো. কামাল (৫৮), পিতা মো. শাহ আলম, বাড়ি রামগতি আলেকজান্ডার, নোয়াখালী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ট্রাক ডিপোতে নিয়মিত জুয়ার আসর বসছিল। প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ জুয়ার আসরে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে সিএনজি চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শ্রেণির লোকজন জড়িয়ে পড়ছিলেন। এতে অনেকে সারাদিনের উপার্জিত অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরতেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুযায়ী আটক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





