সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দুর্ঘটনার পরপরই এ কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একইদিন সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top