সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ডাকাতি চেষ্টা, ৭ জন গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল (একেএস) লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টা ও হামলা-ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে আটক করা হয়।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল স্ক্র্যাপ লোহা ও রড লুটের চেষ্টা চালায়। এ সময় তারা কারখানায় হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার কারখানার এক নিরাপত্তাকর্মী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামাল (৩৮), রমজান আলী মুন্না (২৮), মো. রনি (২০), মো. ইসহাক (৪৮), আরশাদুর রহমান প্রকাশ মিজান (২০), মো. আলাউদ্দিন (৪৮), এবং মো. খোকন (৩০)। তাদের সবার বাড়ি ৮ নম্বর সোনাইছড়ি এলাকায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, আবুল খায়ের স্টিল মিলসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিল কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।

রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top