নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় তৈরি কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এরই প্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গাসহ ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





