সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় শেড ধসে মো. ফারুক (৪০) ও মো. জহির (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপাড়া এলাকায় অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে এবং নিহত ফারুক নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে।
জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামের এক ব্যক্তির মালিকানাধীন এই কারখানায় জিংক অ্যাশ উৎপাদন করা হয়। কারখানার একটি গোডাউনে অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলাকালে হঠাৎ করে পুরো শেডটি ভেঙে পড়ে। এতে শেডের ওপর কাজ করা অবস্থায় দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কে দ্রুত সরে যান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিহত দুই শ্রমিকের মরদেহ সরিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
স্থানীয় যুবক মো. জাফর জানান, হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান গোডাউনের শেড ধসে পড়ে আছে এবং দুইজন শ্রমিকের মরদেহ পড়ে রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গোডাউনে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৮ এপ্রিল পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অমান্য করে জিংক অ্যাশ উৎপাদনের মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






