স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে আসর শেষ করেছে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হজম করা একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
পুরো ম্যাচে লড়াই করেও গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সোহেল রানা ও হামজা চৌধুরীদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় স্বাগতিকদের রক্ষণে।
এর আগেই মূল পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। ফলে এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার লড়াই। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি লাল-সবুজরা। শেষ পর্যন্ত হার নিয়েই বাছাইপর্বের অভিযান শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরকে চাপে রাখে বাংলাদেশ। ৭ মিনিটে ফাহামেদুলের ক্রস ফয়সাল আহমেদ ফাহিম পাওয়ার আগেই ক্লিয়ার করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার রায়ান স্টুয়ার্ট। ১৫ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রসে সমিত সোমের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে লিড নেওয়া হয়নি বাংলাদেশের। ম্যাচের ধারার বিপরীতে ৩২ মিনিটে এগিয়ে যায় সিঙ্গাপুর।
মাঝমাঠ থেকে আসা সতীর্থের পাসে গ্লেন কিউহর শট গোলরক্ষক মিতুল মারমা ফিরিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন হ্যারিস স্টুয়ার্ট। ৩৯ মিনিটে ম্যাচে ফেরার সেরা সুযোগ পায় বাংলাদেশ। মোরছালিনের শট ব্লক হওয়ার পর ফিরতি বলে শট নিতে গিয়ে বক্সের ভেতর ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। কিন্তু রেফারির সাড়া না দেওয়ায় সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। ভিএআর (VAR) থাকলে ফলাফল ভিন্ন হতে পারত।
বিরতির পর সিঙ্গাপুরকে রীতিমতো কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চললেও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোল আসছিল না। ৫৯ মিনিটের পর কোচ ডাগআউট থেকে পাঁচটি পরিবর্তন আনলে শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ও মিরাজুলরা নামার পর আক্রমণের ধার আরও বাড়ে।
৭৫ মিনিটে বিশ্বনাথের পাসে হামজা চৌধুরীর গড়ানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তবে ম্যাচের সবচেয়ে বড় আক্ষেপ ছিল ৭৯ মিনিটে। ডান প্রান্ত থেকে হামজার মাপা ক্রসে মিরাজুল পা ছোঁয়ালেও বলটি গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে গোলমুখের মাত্র ৬ গজ দূরত্বে বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সাদ ও শমিত।
মাঠে ৩০ হাজার ১০০ দর্শকের গর্জনের মধ্যে সিঙ্গাপুর পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলেও পারফরম্যান্সের বিচারে বাংলাদেশ কোনো অংশেই পিছিয়ে ছিল না। তবে ফিনিশিং ব্যর্থতা আর ভাগ্যের সহায় না থাকায় শেষ পর্যন্ত হার দিয়েই মিশন শেষ করতে হলো কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
চাটগাঁ নিউজ/এমকেএন





