চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। তাদের মধ্যে একজন অস্ত্র মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর গ্রেপ্তার পেশাদার ছিনতাইকারী মো. পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার বাসিন্দা এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সিএমপির ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশগেট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহাব উদ্দিন শাবু ছিনতাইকারী চক্রের মূল হোতা এবং কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মো. পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






