চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে ৩০ ছিনতাইকারীসহ মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয় নগরের ১৬টি থানাধীন বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এতে ছিনতাইকারী ৩০ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ জন কোতোয়ালী থানা এলাকা থেকে এবং ৪ জন হালিশহর থানা এলাকা থেকে ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এছাড়া চকবাজার থানা এলাকা থেকে দুই জুয়াড়ি এবং ডবলমুরিং থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





