চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ডিআইজি হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





