চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র প্রদর্শন এবং মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকায় এমআর মোটরস গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরিচয়ের সত্যতা বোঝাতে তিনি একটি ভুয়া পরিচয়পত্রও দেখান। পরে ওই পরিচয়ের সুযোগ নিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মোহাম্মদ হাসানকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





