চাটগাঁ নিউজ ডেস্ক: বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শরিফুল ইসলাম জিন্নাহ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই মামলাসহ মোট ১০টি মামলায় তিনি আদালতে অভিযুক্ত এবং এসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়ার রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তারকারী এই নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, শরিফুল ইসলাম জিন্নাহ দীর্ঘদিন ধরে বগুড়া-২ আসনের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
চাটগাঁ নিউজ/এমকেএন





