চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতিবছরের ন্যায় এবারও সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নগরীর জিইসি মোড়ে অবস্থিত কাচ্চি এক্সপ্রেসে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রিজভী রহমান, সেক্রেটারি আব্দুল আউয়াল, জসিম, শাহজাহান, আতিক সুজন, তৌহিদ, পেয়ারুসহ আরও অনেক সদস্য ও অতিথি।
ইফতার মাহফিলের মূল আকর্ষণ ছিল এতিম শিশুদের অংশগ্রহণ। তাদের জন্য বিশেষভাবে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে ইফতার করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি রমজানে ইফতার সামগ্রী বিতরণ, এতিম শিশুদের সঙ্গে ইফতার এবং অন্যান্য সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এছাড়াও ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ বজায় রেখে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও খেলাধুলার উন্নয়নে ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন।
সংগঠনের সভাপতি জানান, ভবিষ্যতেও আরও উন্নয়নমূলক ও সহযোগিতামূলক কাজের পরিকল্পনা নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে। এ লক্ষ্যে সংগঠনের সকল সদস্য একসঙ্গে কাজ করছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অ্যালামনাই সংগঠন পুরনো বন্ধু, সহপাঠী এবং পেশাগত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব বৃদ্ধি, পেশাগত সংযোগ ও ক্যারিয়ার সহায়তা, সামাজিক ও দাতব্য কার্যক্রম পরিচালনা, ইনস্টিটিউশনের উন্নয়ন, ব্যাচমেটদের মধ্যে ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং বিনোদন ও পুনর্মিলনী আয়োজনের মতো নানা সুযোগ সৃষ্টি হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





