সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ে অভিযুক্ত ভেড়া সাইফুল গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: সংবাদ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি, মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর হালিশহর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলাটিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, মামলার এক নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে যান তিনি। এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন সড়কে নিয়ে তাকে জিম্মি করা হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সাংবাদিককে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার আগে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top