চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারের লক্ষ্য হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে স্বাস্থ্যসেবার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়। জানা গেছে, শুধুমাত্র এলজিইডি’রই প্রায় ১৭০টি অব্যবহৃত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত নিয়োগে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ রাখার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





