সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে পরিবেশবিধি উপেক্ষা করে কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে একটি ইটভাটাকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ৬ ধারায় মেসার্স বিবিএস ব্রিকস নামক প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
অভিযানে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং বাংলাদেশ আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা বলেন, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন






