সন্দ্বীপে জেলেদের জাল-নৌকা চুরি বন্ধে মানববন্ধন

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে জেলেদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জেলে কার্ডের তালিকায় অন্তর্ভুক্তি এবং সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা ভূমিহীন সমিতি ও ‘নিজেদের করি’ সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সন্দ্বীপে সাম্প্রতিক সময়ে জেলেদের জাল ও নৌকা চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঋণ নিয়ে মাছ ধরার সরঞ্জাম কেনা জেলেরা এসব মালামাল হারিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন। তারা দ্রুত এসব চুরি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, অনেক প্রকৃত জেলে এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হননি। ফলে তারা জেলে কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দ্রুত তালিকাভুক্ত করে জেলে কার্ড প্রদান করা জরুরি।

এছাড়া মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সরকার যে সহায়তা প্রদান করে, তা বর্তমান বাজারদরের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করেন বক্তারা। এ সময় ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

উপজেলা ভূমিহীন সংগঠনের সভাপতি অর্জিত চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার (জিএস) এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি।

মানববন্ধনে সন্দ্বীপের কয়েকশ জেলে অংশগ্রহণ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top