সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই বুধবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত চট্টগ্রামের সন্দ্বীপ থানার সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ ছাড়া কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ





