সন্দ্বীপের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

ডিবির উপ-কমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন আরও জানান, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top