চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা জানতে পারেন। একই প্রজ্ঞাপনে মাত্র ৫৬ দিন আগে, গত ২৭ জুলাই দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্তের কথাও উল্লেখ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের কারণ প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি। তাদের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের বিভিন্ন সমস্যা শোনা এবং একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছিলেন।

তাদের অভিযোগ, কোনো দৃশ্যমান ব্যাখ্যা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বিরুদ্ধে তাদের কোনো ব্যক্তিগত আপত্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বরং মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেই তারা আন্দোলনে নেমেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রজ্ঞাপনের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত ১১টার দিকে নারী শিক্ষার্থীরাও হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেন। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।

এরপর জরুরি সভায় অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটে সর্বাত্মক শাটডাউন চলবে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি ও মানবিক সেবার কথা বিবেচনায় নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা চালু রাখা হবে।

এ ছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ও গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।

শিক্ষার্থীদের একমাত্র দাবি—অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন, গণঅবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top