সড়ক দুর্ঘটনায় দেশের তিন জেলায় মোট মৃত্যু ১৯

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন এবং হবিগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হন।

কুমিল্লা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।

প্রথমে ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে যুক্ত হন। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায়, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ।

তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসাবাড়ির মালামাল ছিল। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটমুখী ছিল নাকি সেখান থেকে ফিরছিল—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সড়কের একটি লেনে কাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে পেছনে যানজট তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

এ সময় এক মোটরসাইকেল আরোহী, এক বাস সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top