শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ মো. সায়েম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নগরের সিনেমা প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সায়েম নগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার মো. মহসিনের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সায়েমকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি শপিং ব্যাগে করে বহন করা পুরোনো আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১৪ প্রো, রেডমি নোট ১৩ এবং পিক্সেল ৮ প্রোসহ বিভিন্ন মডেলের মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ফোনগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top