শিক্ষার্থীদের উদ্ভাবন জ্বালানি সংকট সমাধানে কাজে দিবে: মীর হেলাল

চাটগাঁ নিউজ ডেস্ক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। জ্বালানি সংকট নিরসনে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ শনিবার (১১ এপ্রিল) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করছেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী—তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীর আর্থসামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব গিয়াস উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top