চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে পাওয়া গেছে ৩০০ কার্টন মন্ড সিগারেট, যার মূল্য ৬ লাখ টাকা।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট OV-401 এর যাত্রী আতিকুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।
আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলায়। তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা এ অভিযান চালায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেট থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ টাকা। সিগারেটের চালান ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান রয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন





