চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা দুই যাত্রী—বাঁশখালীর হাসান মিয়া ও কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিমের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট পাওয়া যায়।
উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা। পরে সেগুলো ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তবে আটক দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





