চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ-563 এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের লাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট উদ্ধার করে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্ত যাত্রীর বাড়ি চন্দনাইশ উপজেলার জাফরাবাদ এলাকায়।
জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে এবং ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে তা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





