চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
বুধবার (৪ মার্চ) একদিনেই ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান অস্থিরতার কারণে এ পর্যন্ত মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার বাতিল হওয়া আগমন (অ্যারাইভাল) ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি এবং এয়ার আরাবিয়া-এর তিনটি ফ্লাইট।
একই দিনে বাতিল হওয়া বহির্গমন (ডিপার্চার) ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট।
তবে সব ফ্লাইট বাতিল হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ার-এর ফ্লাইট ওভি-৪০১ সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে সকাল ৯টায় মাস্কাটের উদ্দেশ্যে যাত্রা করে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আগত বিজি-১৩৬ ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা বিএস-৩২২ ফ্লাইট সকাল ৯টায় অবতরণ করে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক রুটে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





