শাহ আমানতে ৭দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মধ্যেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিদিন ২-৩টি ফ্লাইট বাতিল হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে সাত দিনে বাতিল হয়েছে ১৬টি ফ্লাইট। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত সাত দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ৪টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

যুদ্ধবিরতির পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থবিরতা কাটিয়ে অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে।

চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং দ্রুতই এই রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে আশা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top