শাপলা কলিতে প্রকাশ্যে সিল — ধরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে শাপলা কলি মার্কায় সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটগ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা ভোটারদের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারছিলেন। অভিযোগ রয়েছে, তিনি একটি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি ব্যালটে ‘শাপলা কলি’ প্রতীকে সিল দেন। ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা। তিনি বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে ভোট দিতে আসা একজন নারী ভোটার তার অনুরোধ করলে তিনি ব্যালটে সিল মেরে দেন। সিল দেওয়ার আগে তিনি ভোটকক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তা এবং প্রার্থীর এজেন্টদের মতামত নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, বিকেল আনুমানিক তিনটার দিকে তার কাছে অভিযোগ আসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা একজন ভোটারের ব্যালটে নিজে সিল মেরেছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক রাখা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top