শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে তারা শপথ নেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সংসদ ভবনে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

শপথ গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে আজ বিকেলে বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top