চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের প্রাণহানি হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, মাইক্রোবাসে থাকা যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। তারা পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






