চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. রাফি (১৮), যাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইশফাত উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার বাসিন্দা মো. তৈয়বের ছেলে। আহত রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ওপর উঠে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। পরে রাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





