চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার কালা বাবুল ওই এলাকার মো. ইউনুসের ছেলে।
অভিযানকালে কালা বাবুলের বসতবাড়ি থেকে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে একই এলাকার আরেক সন্ত্রাসী গ্রুপ ‘তৌহিদ বাহিনী’-এর সদস্যদের বাড়িতেও অভিযান চালানো হয়। এ সময় চার্জশিটভুক্ত আসামি ও তৌহিদের পিতা আবু তাহের (৬৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে পরবর্তীতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই দিনে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





