লোহাগাড়ায় পিকআপ-টেক্সি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ায় পিকআপ-সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কনক বড়ুয়া (৩৫) নামে এক টেক্সি চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার পুত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী-শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন- উপজেলার আধুনগর ইউনিয়নের নয়া পাড়ার নাজমুল হুদা (৫৬), হোসনে আরা বেগম (৫০), লিলি আক্তার (৪৯), ফাতেমা জান্নাত রুমাইছা (৫) ও রোজা জাহান (১০ মাস)।

এ ঘটনায় পিকআপ চালক মো. ইয়াছিনকে আটক করে পুলিশে দিয়ে স্থানীয়রা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগরের রামপুর এলাকার মো. হানিফের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সি থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুমড়ে মুচড়ে গেছে টেক্সিটি।

টেক্সির মালিক ধনয় বড়ুয়া জানান, আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম নগরীতে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top